বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫৮ পিএম
কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত ও আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া-মগনামা সড়কের আনর আলী মাতবর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাহাসিন (২)। সে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পালাকাটা গ্রামের আবদুল হকের মেয়ে। দুর্ঘটনায় তার মা আনারকলিও গুরুতর আহত হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, তারা ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার বাড়ি থেকে কুতুবদিয়ায় নানার বাড়িতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ‘বলাকা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আরও তিন শিশুসহ মোট সাতজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহাসিনকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/আইএম