images

দেশজুড়ে

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৪ পিএম

পবিত্র রমজান মাসে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা এলাকার একটি খামার। উপজেলার রৌহা গ্রামে অবস্থিত জেসি অ্যাগ্রো ফার্ম মাসজুড়ে খামার থেকেই প্রতি লিটার দুধ মাত্র ১০ টাকায় বিক্রি করছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

খামার সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে ক্রেতারা সরাসরি খামারে গিয়ে দুধ কিনতে পারছেন। একজন ক্রেতা সর্বোচ্চ এক লিটার দুধ নিতে পারবেন। বর্তমানে খামারে থাকা শতাধিক গরুর মধ্যে উন্নতজাতের ১৮টি গাভি থেকে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ লিটার দুধ উৎপাদন হচ্ছে। রমজান মাসে উৎপাদিত সব দুধই স্বল্পমূল্যে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খামারে গিয়ে দেখা যায়, দুধ কিনতে নানা বয়সী মানুষের ভিড়। রোজার প্রথম দিন থেকেই ১০ টাকা লিটারে দুধ বিক্রি শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

খামারের মালিক মো. এরশাদ উদ্দিন বলেন, রমজান মাসে যখন অনেক ব্যবসায়ী খাদ্যপণ্যের দাম বাড়ান, তখন এর বিপরীত দৃষ্টান্ত স্থাপন করতেই এই উদ্যোগ। ধনী-গরিব সবাই যেন দুধ কিনতে পারেন, সে জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তবে গরিবদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, গত ছয় বছর ধরে রমজান মাসে রোজাদারদের জন্য এই কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। মানবিক এই উদ্যোগের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে সরকারের কাছ থেকে ‘বেস্ট প্র্যাকটিস সম্মাননা’ও পান তিনি।

এরশাদ উদ্দিনের গ্রামের বাড়ি রৌহা গ্রামেই। ছয় বছর আগে এখানেই তিনি জেসি অ্যাগ্রো ফার্ম গড়ে তোলেন। বর্তমানে খামারে কোরবানির ঈদ সামনে রেখে শতাধিক গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। ভবিষ্যতে আরও গরু আনার পরিকল্পনাও রয়েছে।

খামার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, পুরো রমজান মাসে স্বল্পমূল্যে তিন মেট্রিক টনের বেশি দুধ বিক্রি করা হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন খামারের মালিক।

আরটিভি/এসকে