images

দেশজুড়ে

পিকআপ-ড্রামট্রাক সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৩৯ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ–সিংগাইর সড়কে পিকআপ ভ্যান ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত এবং এক হেলপার আহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকার অবাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক মো. গিয়াস উদ্দিন (৪৫) জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন
Jamalpur_020

চেকপোস্টে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, মহাসড়ক অবরোধ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান তিনি।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, মানিকগঞ্জ–সিংগাইর সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটিতে নিয়মিত ট্রাফিক নজরদারি ও গতিনিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরটিভি/এমআই