শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৩০ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে কোনো ধরনের নাশকতার তথ্য বা আশঙ্কা নেই বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিটে) চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের জনগণ। এ উপলক্ষে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে নগরীতে এমনিতেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে।
তিনি বলেন, সিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান, ঈদ এবং ২১ ফেব্রুয়ারি- এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে আমাদের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার তথ্য নেই। তবে আমরা সতর্ক রয়েছি এবং পর্যাপ্ত পুলিশ ফোর্স মাঠে মোতায়েন আছে।
নগরবাসী যেন নির্বিঘ্নে এবং যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য সিএমপির পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনা এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
আরটিভি/এমএ