শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৪৫ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, সরকার দেশের আটটি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করবে। এটি দেশের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ঈদের আগেই শুরু হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাটে গোকুণ্ডা বাজারে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী হিসেবে এটিই তার নিজের জেলায় প্রথম সফর ছিল।
মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১৮০ দিনের বিশেষ প্যাকেজ বাস্তবায়নের জন্য মন্ত্রিসভায় ইতোমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করে ধাপে ধাপে সবাইকে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় আনা হবে।
এছাড়া, রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ইফতার ও সেহরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
উন্নয়ন কার্যক্রম নিয়ে মন্ত্রী বলেন, খাল খনন ও সংস্কারে একাধিক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি, দেশের ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরটিভি/এসকে