images

দেশজুড়ে

লাথি মেরে স্কুলছাত্রকে হত্যা, মরদেহ ফেলে দেওয়া হয় খালে

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৬ পিএম

বরিশালের হিজলা উপজেলার চরবিশোর গ্রামে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার পর তার মরদেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী যুবক মোশারফ বয়াতি (২৬) প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নিহতের মরদেহ উদ্ধার করার পর স্থানীয়রা অভিযুক্ত মোশারফকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না।

নিহত কিশোর আরিফ রাঢ়ী (১৩) হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ছাত্র ছিল। অভিযুক্ত মোশারফ বয়াতি একই গ্রামের শাহজালাল বয়াতির ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মোশারফের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার এশার নামাজের আগে আরিফ মোশারফের বাড়িতে যায়। সে সময় মোশারফ খাটে শুয়ে থাকলে আরিফ তাকে নামাজে যাওয়ার জন্য উঠতে বলে। এতে মোশারফ রাজি না হলে আরিফ তাকে একটি চড় দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি মারে। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকাল প্রায় ৮টার দিকে খালের পাড়ে আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে তারা সন্দেহভাজন মোশারফকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তদন্তের স্বার্থে মোশারফের মাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো মামলা দায়ের হয়নি, তবে মামলায় নাম এলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসকে