images

দেশজুড়ে

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর ১ সদস্য আটক

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:২১ পিএম

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের ‘দুর্ধর্ষ’ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সদস্যকে আটক করা হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কুমড়োকাঠি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টায় কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় উক্ত এলাকা থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

কুষ্টিয়ায় নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

তিনি জানান, আটক ডাকাত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাদশা শেখ দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাতদলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দ করা আলামত ও আটক ডাকাতের পরবর্তী আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ড সদস্যদের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার লক্ষে ইতোমধ্যে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান আরম্ভ করেছে। উক্ত অভিযানে সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়।

আরটিভি/এমএইচজে