রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫১ এএম
জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে ‘পাবলিক টয়লেট’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে জুলাই আন্দোলনকারী সংগঠন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিকেলে এ কাণ্ড ঘটিয়েছে সংগঠনটি।
আওয়ামী লীগের নাম লেখা সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন জুলাই ঐক্য বকশীগঞ্জের নেতারা। পরে কার্যালয়টিকে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করেন তারা।
এ সময় জুলাইযোদ্ধা পরিচয় দেওয়া শহিদুল ইসলাম সানী নামে একজন বলেন, আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনও নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করে কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন কয়েকজন নেতাকর্মী। পরে বিকেলেই আবার সেই সাইনবোর্ড নামিয়ে বিক্ষোভ করেন জুলাই ঐক্য বকশীগঞ্জের নেতারা।
আরটিভি/এসএইচএম