সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৪৩ পিএম
পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজার মনিটরিং করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
এ সময় মুদি, ফল ও মাংসের ৬ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় মোট ৬টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে অধিক মূল্যে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোরভাবে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
আরটিভি/এমআই