images

দেশজুড়ে

মোটরসাইকেলের সিটের ভেতর লুকিয়ে ছিল বিষধর সাপ, অতঃপর...

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:০৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি বিষধর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মনসুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে এক ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেলটি মনসুর প্লাজার সামনে পার্কিং করে মার্কেটের ভেতরে যান। কিছুক্ষণ পর আশপাশে থাকা পথচারীরা মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি সাপকে মাথা বের করতে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং অন্যদের সতর্ক করেন। মুহূর্তের মধ্যেই ঘটনাটি আশপাশে ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপটি মোটরসাইকেলের সিটের ভেতর আশ্রয় নিয়েছিল এবং মাঝেমধ্যে মাথা বের করছিল। এতে করে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মোটরসাইকেলের মালিক ঘটনাটি জানতে পেরে দ্রুত স্থানীয় বন বিভাগে খবর দেন।

আরও পড়ুন
DHOPAKANDI

টাঙ্গাইলে ৮টি ঘোড়া জবাইয়ের অভিযোগে চারজন আটক

খবর পেয়ে বন বিভাগের ট্রেইনার আদনান মীম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে সতর্কতার সঙ্গে মোটরসাইকেলের সিট খুলে সাপটি শনাক্ত করেন এবং দক্ষতার সঙ্গে সেটিকে উদ্ধার করেন। সাপটি বিষধর বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

আদনান মীম গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদভাবে সাপটি উদ্ধার করতে সক্ষম হন।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে নিজেরা সাপ ধরার চেষ্টা না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিদের খবর দিলে দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। উদ্ধার করা সাপটিকে পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।

আরটিভি/এমএইচজে