images

দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, ‌পাচারকারী গ্রেপ্তার

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৮ পিএম

ঠাকুরগাঁওয়ে কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ লাল মিয়া (৬০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার শুখানপুকুরী ইউনিয়নের লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। এ সময় লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। পরবর্তী আইনি ব্যবস্থার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলার প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চুরি, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারি, বৈদেশিক মুদ্রা পাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে অভিযান চালিয়ে আসছে।

আরটিভি/এমএইচজে