images

দেশজুড়ে

মানিকগঞ্জে বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫৫ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে 'সেলফি পরিবহন' নামে বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের উথলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক সুব্রত কুমার বিশ্বাস উপজেলার বেলতা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ উথলী-পাটুরিয়া মোড়ে যাত্রী উঠানামার জন্য সেলফি পরিবহনের বাস থামে। এ সুযোগে একটি সংঘবদ্ধ চক্র বাসপ্রতি ৩০ টাকা করে চাঁদা আদায় করছিল। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চক্রের ২-৩ জন পালিয়ে যায়। এ সময় সুব্রতকে চাঁদা আদায়ের ১ হাজার ৫৬০ টাকাসহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহন মালিক সমিতির প্রতিনিধি সুলতান হোসেন বলেন, উথলী মোড়ে সমিতির নিজস্ব লোকজনকে সরিয়ে প্রতিটি বাস থেকে জোরপূর্বক চাঁদা তোলা হচ্ছিল। বিষয়টি জানার পর পুলিশ গিয়ে একজনকে আটক করে।

আরও পড়ুন
Web-Image---Copy

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত নামে এক যুবককে আটক করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।

আরটিভি/এমএইচজে