বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫২ এএম
ফেনীর সোনাগাজীতে আইয়ুব নবী তারেক নামে তাঁতিদলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারেক ওই ইউনিয়ন তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক ও গুনক গ্রামের লক্ষমালের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।
নিহতের পিতা কামাল উদ্দিন বলেন, একই বাড়ির ওহিদুর রহমানের স্ত্রী নারু (নাহার) পূর্বের একটি বিরোধ নিষ্পত্তির কথা বলে তারেককে ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওহিদুর রহমানের ছেলে নাহিদ, সাঈদ, নিলয় ও স্ত্রী নারু দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তারেকের উপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আমার ছেলে মারা যাওয়ার পরও ওহিদুর রহমান তাকে ডাকাত বলে আখ্যা দিয়ে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তারেক ও অভিযুক্ত নাহিদের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কের অভিযোগ রয়েছে। যার ফলে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই বাড়ির আবদুল গফুর বলেন, কিছুদিন আগে স্থানীয় সাবেক ইউপি মেম্বার আবদুল হক চৌধুরীর কাছে নাহিদ অভিযোগ করেন- তার স্ত্রীর সাথে তারেকের পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ বিষয়ে তারেককে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুরোধ করেন নাহিদ। তবে তারেক এ ধরনের ঘটনার সাথে কখনো জড়িত আছে বলে আমাদের জানা নাই।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র কিরিচ জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরটিভি/এমএইচজে