images

দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার পেল পৌনে ৬ কোটি টাকার ক্ষতিপূরণ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৩২ পিএম

যশোরসহ পার্শ্ববর্তী তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও অঙ্গহানির শিকার ১৫০টি পরিবারের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরটিএ যশোর সার্কেলের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, দেশে সড়ক দুর্ঘটনার প্রায় ৭০ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। এ কারণে নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে দুটি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট সরবরাহ বাধ্যতামূলক করার একটি প্রস্তাব সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি একটি মানবিক দায়িত্বও। এই সহায়তা দুর্ঘটনায় বিপর্যস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে প্রেরণা জোগাবে। একই সঙ্গে তিনি চালকদের হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানান।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর বিআরটিএর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বিআরটিএ সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে নিয়মিত আবেদন যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হচ্ছে। সর্বশেষ পর্যায়ে যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ১৫০টি পরিবারের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক দেওয়া হয়। এর মধ্যে যশোরে ৬৯টি, মাগুরায় ১৯টি এবং ঝিনাইদহে ৬২টি চেক বিতরণ করা হয়েছে।

আরটিভি/এসকে