মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১২:১৪ পিএম
বরিশালের বাকেরগঞ্জে ডিস ব্যবসাকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার চরাদী ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহত ফাহাদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ফাহাদের স্বজনরা জানান, যুবলীগ কর্মী আরিফ, জাতীয় পার্টির কর্মী ও চরাদী ইউনিয়ন পরিষদের সদস্য রানা, রিয়াজ এবং চাদমারী এলাকার বাপ্পিসহ কয়েকজন ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে এলোপাথাড়ি কুপে জখম করে। স্থানীয়রা দ্রুত ফাহাদকে উদ্ধার করে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। রাতেই তার পরিবার তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা মঙ্গলবার সকালে জানান, সোমবার রাতে বরিশাল শহর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এসকে