images

দেশজুড়ে

বোনকে খুনের পর বোরকা পরে পালাচ্ছিলেন ছোট ভাই, অতঃপর...

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১২:২৭ পিএম

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই। 

সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সেনোয়ারা বেগম (৬৫)। তার সহোদর ভাই ও অভিযুক্ত ঘাতকের নাম জানে আলম (৪২)। তারা উভয়েই ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, স্বামী ও ছেলে মসজিদে তারাবিহর নামাজ পড়তে যাওয়ায় বাসায় একাই ছিলেন সেনোয়ারা বেগম। এ সময় জানে আলম এসে বোনের স্বর্ণালংকার নিয়ে নেন। এতে বোন সেনোয়ারা বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করেন জানে আলম। পরে জানে আলম বোরকা পরে পালানোর চেষ্টা করেন। তবে বাইরে লোকজন তাকে ধাওয়া দিয়ে আটক করে। এরপর পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে জানে আলমকে থানায় নিয়ে যাওয়ার সময় একদল বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন
borishal

৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে লেখা ‘ছাত্রী’ 

ঘটনাস্থল থেকে হালিশহর থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান, ঘাতক জানে আলমকে গ্রেপ্তারের পর পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাচ্ছিল, তখন স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এলাকাবাসী ঘাতককে নিজেদের হাতে তুলে নিয়ে গণপিটুনি দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। জানে আলমকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আরটিভি/এমএ