মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০২:৪৯ পিএম
ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার সময় দুটি এক্সক্যাভেটর (মাটি কাটার যন্ত্র- যাকে স্থানীয় ভাষায় ভেকু বলা হয়) জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে মিনিটের দিকে এলাকাবাসী এক্সক্যাভেটর দুটি আটকে রেখে প্রশাসনকে খবর দিলে এই ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাউনা এলাকায় শেষ রাতে কৃষিজমি থেকে দুটি এক্সক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে যন্ত্রদুটি অবরুদ্ধ করে ফেলে এবং তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানায়।
খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. সালমান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অবৈধ কর্মকাণ্ডের সত্যতা পেয়ে এক্সক্যাভেটর দুটি জব্দ করার নির্দেশ দেন।
অভিযান শেষে স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশ্যে ইউএনও মো. সালমান হাবীব বলেন, ফসলি জমির মাটি রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কৃষিজমি ধ্বংস করে কোনোভাবেই অবৈধ মাটি ব্যবসা চলতে দেওয়া হবে না। এই অপতৎপরতা বন্ধে আমাদের নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চলবে।
আরটিভি/এমএইচজে