মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৭:২৬ পিএম
কক্সবাজারের উখিয়া উপজেলায় সাহরি খাওয়ার সময় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ বলেন, গৃহবধূর স্বামী মালয়েশিয়া থাকেন। প্রাথমিক তদন্তে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া গেছে।
এর আগে সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূর পরিবার জানায়, সাহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার ওপর নির্যাতন চালায়। এ সময় শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
গৃহবধূর ভাশুর আবদুল আলম জানান, তার ছোট ভাইয়ের স্ত্রীর গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জমি নিয়ে এক প্রতিবেশী পরিবারের সঙ্গে তাদের বিরোধ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলম বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ওসি নুর আহম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে