মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৭:৫৪ পিএম
যশোরে এক শিশুকে (৭) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে দূর সম্পর্কের এক নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হাফিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত হাফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং তিনি বর্তমানে যশোর মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন।
নির্যাতিত শিশুটির নানি জানান, তার নাতনি যশোর শহরের শংকরপুর এলাকায় তার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ২ মার্চ বিকেলে তার সৎ ভাই হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটিকে পাশবিক নির্যাতন চালায়। রাত ৯টার দিকে নাতনিকে দিয়ে গেলে সে নির্যাতনের কথা জানায়। এরপর মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি নাতনিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসায়েন শাফায়েত জানান, শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে মঙ্গলবার অভিযুক্ত হাফিজুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বিকেলে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিতে সবধরণের সহায়তা দেওয়া হবে।
আরটিভি/এমএইচজে