বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০৫:০৯ পিএম
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
বুধবার (৪ মার্চ) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এই অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল ইসলাম।
এ সময় মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স সাজেদা ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস, মেসার্স মারিয়াম ব্রিকস, মেসার্স এম এফ ব্রিকসকে ২৪ লাখ টাকা জরিমানা ও মেসার্স মদিনা ব্রিকসের চিমনি ধ্বংস করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বায়ু দূষণ বিরোধী অভিযান পরিচালনা করছি। সকাল থেকে এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনি বলেন, পাঁচটি ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি ভাটার চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এসব ভাটাকে সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
আরটিভি/এমআই