বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০৭:৫৬ পিএম
মানিকগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (০৪ মার্চ) দুপুরে শহরের বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে দেখা যায়, মিলেনিয়াম ট্রেডার্স এবং মেসার্স ভাই ভাই ট্রেডার্স সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতিটি সিলিন্ডার ৩০০ টাকার বেশি দামে বিক্রি করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুইটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল জানান, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
আরটিভি/এমআই