images

দেশজুড়ে

পাবনায় তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ১২:১৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ব্যাপক সমালোচনা শুরু হয়।

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে

জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা কবিরুলের সঙ্গে ঈশ্বরদীর ওই তরুণীর সম্পর্ক ছিল। মঙ্গলবার (৩ মার্চ) তিনি ওই তরুণীর বাড়িতে যান এবং সেখানেই রাত কাটান। পরদিন সকালে এলাকাবাসী একটি ঘরের ভেতর তাদের একসঙ্গে দেখতে পান। এরপর উত্তেজিত হয়ে তারা দুজনকে আটক করেন। পরে স্থানীয়রা ওই তরুণ ও তরুণীকে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং নির্যাতন করেন।

সলিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মণ্ডল গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কাউকে গাছে বেঁধে নির্যাতন করা কোনোভাবেই ঠিক হয়নি।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পাবনা জেলা মনিটরিং কর্মকর্তা কামাল আহমেদ সিদ্দিকী বলেন, এটি অত্যন্ত অমানবিক ঘটনা। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। একটি সভ্য রাষ্ট্রে এমন কাজ নিন্দনীয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ছয় মাসে কোরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেছেন, ঘটনাটি জেনেছি। তবে ঘটনাস্থল আমার থানার আওতার বাইরে হওয়ায় বিষয়টি পাবনা সদর থানাকে জানানো হয়েছে।

তবে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, এখনও বিষয়টি জানি না। খোঁজখবর নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে