বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০২:৪৯ পিএম
ঈদের আগে ব্যবসার সবচেয়ে ব্যস্ত সময়ে আন্ধারমানিক বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৯টি দোকান। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে হরিরামপুর উপজেলার এই বাজারে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বেলা পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারটি ইউনিট পাঠানো হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি হোটেলের পাশে থাকা পেট্রল ও অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
ঈদের আগে হঠাৎ এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অনেকেরই বছরের সঞ্চয় ও ঈদকেন্দ্রিক পণ্য মজুদ ছিল দোকানে, যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
আরটিভি/এসকে