রোববার, ০৮ মার্চ ২০২৬ , ১১:২৫ পিএম
অবৈধভাবে বীজের দোকানে পেট্রোল মজুদ করার অপরাধে সুনামগঞ্জে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মোহাম্মদ সোহেল চৌধুরী (৩৫) সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর গ্রামের মৃত গিয়াস মিয়া চৌধুরীর ছেলে। তিনি ইউনিয়নের বিএডিসির অনুমোদিত বীজ ডিলার ও চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী।
জানা গেছে, আজ বিকেলে জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী। এ সময় সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের আহমদাবাদ-ইচ্ছারচর পয়েন্টের সোহেল চৌধুরীর বীজ ডিলারের দোকানের ভেতরে ১১ ব্যারেল পেট্রোল মজুদ পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত ওই পেট্রোল জব্দ করেন এবং সোহেল চৌধুরীকে ছয় মাসের কারাদণ্ডসহ ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অবৈধভাবে ১১ ব্যারেল পেট্রোল মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী সোহেল চৌধুরীকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে