images

দেশজুড়ে

আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালালেন রোগীরা

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ১২:০৫ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে হাসপাতালের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই সময় ষষ্ঠ তলায় ভর্তি থাকা এক রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। হঠাৎ সিলিন্ডারে লিকেজ দেখা দিলে বিকট শব্দের সঙ্গে দ্রুত অক্সিজেন বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো ফ্লোরটি কুয়াশার মতো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

এই ঘটনায় হাসপাতালের রোগী, তাদের স্বজন এবং কর্মরত স্টাফরা আতঙ্কিত হয়ে দৌড়ে বাইরে বের হন। পরে বিষয়টি জানতে পেরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে আসেন।

রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা আগুনের কোনো আলামত না পেয়ে প্রকৃত ঘটনা নিশ্চিত করেন এবং রোগী ও স্বজনদের আশ্বস্ত করেন। প্রায় দুই ঘণ্টা পর, রাত প্রায় ১১টার দিকে রোগীরা আবার তাদের বেডে ফিরে যান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম বলেন, একটি অক্সিজেন সিলিন্ডারের ভালভে লিকেজ হওয়ার কারণে বিকট শব্দ হয়। এতে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে যান। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে সেখানে অগ্নিকাণ্ডের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আরটিভি/এসকে