মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ১২:১৫ পিএম
দিনাজপুরের হিলিতে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৯ মার্চ) বিকেলে হিলি বাজার ও হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুর কার্যালয়ের ইন্সপেক্টর মীর মোহাম্মদ সাইফ আলী।
ওজনে কম দেওয়ার অপরাধে হিলি বাজারের ফজলু ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় লাইসেন্স ছাড়া খোলা তেল বিক্রি করার দায়ে আরও এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও অশোক বিক্রম চাকমা জানান, দেশে তেলের সংকটকে কেন্দ্র করে অনেকেই লাইসেন্স ছাড়া তেল বিক্রি করছেন এবং কিছু ক্ষেত্রে ওজনে কম দেওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরটিভি/এসকে