বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০১:১৯ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেন্সিডিলসহ মো. জালাল উদ্দিন সৌরভ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের পালেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জালাল উদ্দিন ওরফে সৌরভ চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর (মল্লিকপাড়া) এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া পালেরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শ্রীনগরের হাঁসাড়া পালেরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া নেওয়া টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিনের শয়নকক্ষ তল্লাশি করে তিনটি ব্যাগের ভেতর থেকে মোট ২০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কাপড়ের ব্যাগ থেকে ১৩৬ বোতল, একটি হাতলযুক্ত ব্যাগ থেকে ৫৯ বোতল এবং একটি প্লাস্টিকের চটের ব্যাগ থেকে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএইচজে