images

দেশজুড়ে

দেশি পোশাককে ভারতীয় বলে ভয়ংকর প্রতারণা, অতঃপর...

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০৪:৪৮ পিএম

ঈদের বাজার ঘিরে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে নতুন পোশাকের ক্রেতাদের ঢল। পরিবারের জন্য জামা, পাঞ্জাবি, বোরকা কিংবা শাড়ি কেনার আনন্দের মধ্যেই ব্যবসায়ীরা পুঁজি করছে ভুয়া ট্যাগ, বিদেশি ব্র্যান্ডের ছদ্মবেশ এবং দামের ফাঁদ। 

হিলিতে দেশীয় কাপড়কে ভারতীয় বলে বিক্রির দায়ে ৩টি পোশাকের দোকানকে ৩০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত হিলি বাজার চারমাথা মোড় ও চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন।

আরও পড়ুন
Web-Image---Copy

তেলবোঝাই লরি ডুবে গেল পদ্মায়

জরিমানাকৃত দোকানগুলো হলো, হিলি বাজারের সুমি গার্মেন্টস এন্ড বস্ত্রনালয়, লাবণ্য ফ্যাশন, মা গার্মেন্টস, ইহান বেকারি এবং পাবনা বেকারি। সহকারি পরিচালক বোরহান উদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুটি বেকারিতে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, ইন্ডাস্ট্রিয়াল সল্ট ও অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করে খাদ্য প্রস্তুত করার অপরাধে দুটি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ ছাড়া হিলি বাজারে কাপড়ের দোকানে অভিযান চালানো হয়েছে। এ সময় বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি করার সময় কোনো যথাযথ রসিদ সংরক্ষণ ও বিক্রয় রসিদ দেখাতে ব্যর্থ হন। এই অপরাধে এখানে তিনটি কাপড়ের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরটিভি/এমআই