শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০৬:২০ পিএম
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনা তদন্তে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২ মিনিট ২৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি লম্বা টেবিল। টেবিল ঘেঁষে চারদিকে চেয়ার সাজানো। চেয়ারে পাঁচ থেকে ছয়জন বসে আছেন। পাশে পুলিশের পোশাকে একজন দাঁড়িয়ে আছেন। কেউ টি-শার্ট কেউ গেঞ্জি, কেউ পুলিশের পোশাক পড়ে আছেন। একজনের মাথার উপরের দিকে কালো চশমা। প্রত্যেকের সামনে টেবিলে একটি করে মানি ব্যাগ। টেবিলের চারপাশে বসে টেবিলের ওপরে তাস ও টাকা। চেয়ারে বসে টেবিল থেকে তাস নিচ্ছেন। মুখে ১৭, ১৮, ২০ শোনা যাচ্ছে। একটু পর পর মানিব্যাগ থেকে কেউ টাকা বের করে টেবিলের ওপর রাখছেন। কেউ তাস হাতে নিচ্ছেন। টেবিলের ওপর ১০ টাকা, ২০ টাকা, ৫০০ টাকা ও ১ হাজার টাকার অনেক নোট ছড়িয়ে ছিটিয়ে আছে।
জুয়া খেলার বিষয়ে শনিবার (১৪ মার্চ) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন মুঠোফোনে বলেন, ফাঁড়িতে তারা টাকা দিয়ে খেলেছে- এটা অপরাধ। ভিডিওতে আমরা যাদেরকে চিনতে পেরেছি, তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরটিভি/এমএইচজে