সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০১:৩৬ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের শারজাহ থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা এসব সিগারেটের বিপরীতে সরকারের প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিমানবন্দরের এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। আটক দুই যাত্রী হলেন চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হাসান মিয়া এবং কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমুল করিম।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট G9-523-এ আগত ওই দুই যাত্রীর বিষয়ে আগে থেকেই গোপন তথ্য ছিল। তারা বিমানবন্দরের কাস্টমস হল অতিক্রম করার সময় সন্দেহজনক মনে হলে তাদের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগেজ থেকে মোট ৪২৯ কার্টন ‘মন্ড’ (Mond) ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার হওয়া সিগারেটগুলো ‘ডিপার্টমেন্টাল মেমোরান্ডা’ (ডিএম) এর মাধ্যমে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট যাত্রীদের মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে এনএসআই ও কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।
আরটিভি/এসকে