images

দেশজুড়ে

খুলনায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করে ছাত্রদল নেতাকে হত্যা

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৪:০১ পিএম

খুলনায় রাশিকুল আনাম রাশু (৩৮) নামে এক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাশিকুল আনাম দৌলতপুর থানা ছাত্রদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ছি‌লেন। বর্তমা‌নে তি‌নি যুবদ‌লের রাজনী‌তির সঙ্গে জ‌ড়িত ছি‌লেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন রাশু। সোমবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন তিনি। 

এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটা গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসলে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের কাজ চলমান রয়েছে।

আরটিভি/এমআই