মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৭:৪৭ পিএম
বরিশালের বাকেরগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সৈকত (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় নামে স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আহত আলাউদ্দিন (৪৫) ব্র্যাকের একজন কর্মকর্তা এবং বরিশালের কাউনিয়া থানার লাকুটিয়া এলাকার মৌজে আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে বাউফলগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই মহাসড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলদুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এমএইচজে