মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৯:০৫ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে মোড়েলগঞ্জ থানায় গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী মোসা. আকলিমা আক্তার।
বর্তমানে ভুক্তভোগী স্বামী লিটন শেখ (৪৬) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা মৃত সাইম শেখের ছেলে লিটন শেখের সঙ্গে তার স্ত্রী আকলিমা আক্তারের দীর্ঘ ১৬-১৭ বছরের দাম্পত্য জীবন। তবে গত কয়েক বছর ধরে তাদের মধ্যে নিয়মিত পারিবারিক কলহ চলছিল। গত ১৩ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে যখন লিটন শেখ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন আকলিমা আক্তার ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন।
ঘটনার পর লিটন শেখের চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের মতে, তার পুরুষাঙ্গের প্রায় ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঘটনার পরদিন সকালে অভিযুক্ত নারী নিজেই থানায় এসে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেছেন। পুলিশ তাকে তাৎক্ষণিক হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে