images

দেশজুড়ে

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, দুই রোগীর মৃত্যু

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০৮:১১ এএম

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের পঞ্চম তলার একটি বারান্দায় আগুনের সূত্রপাত হয়। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মেডিসিন ভবনের পঞ্চম তলার পেছনের বারান্দায় রাখা ফোম ও বালিশে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ওয়ার্ড। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ছোটাছুটি।

এ ঘটনায় বরিশাল সদর উপজেলার বারোজ্যৈর হাট এলাকার আবুল হোসেন হাওলাদার এবং পটুয়াখালী সদর উপজেলার আতাউর রহমান নামে দুই রোগীর মৃত্যু হয়েছে বলে তাদের স্বজনদের অভিযোগ। স্বজনদের দাবি, অগ্নিকাণ্ডের সময় অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ায় তাদের মৃত্যু হয়।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো রোগীর হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে।

আরটিভি/এসকে