images

দেশজুড়ে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ১২:২৭ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) দেশের বেশ কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে এসব এলাকার হাজার হাজার মুসল্লি আজ সকালে ঈদের নামাজ আদায় করেছেন। আরটিভির বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদনটি পাঠকদের জন্য তুলে ধরা হলো। 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুটি ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। শুক্রবার সকাল ৮টায় উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদরাসা মাঠ এবং খয়েরবাড়ি-মির্জাপুরে পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়।

তাহিরপুর (সুনামগঞ্জ ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চারটি গ্রামের দুই শতাধিক মুসল্লি আজ ঈদ পালন করছেন। সকাল সাড়ে ৯টায় উপজেলার আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমতৈল জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে আমতৈল, রজনীলাইন, পুরানঘাট ও লাউড়েরগড় গ্রামের মুসল্লিরা অংশ নেন।

মুন্সীগঞ্জ (পশ্চিম) ও শরীয়তপুর প্রতিনিধি 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ মাঠে জেলার বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলার ছয়টি উপজেলার প্রায় পঞ্চাশটি গ্রামের মানুষ আজ উৎসাহের সাথে ঈদ পালন করছেন। অন্যদিকে, মুন্সীগঞ্জের ৯টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আজ ঈদ পালন করছেন। সদর উপজেলার আনন্দপুর গ্রামে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর ও টাঙ্গাইল প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। পৃথক জামায়াতে ঈদের নামাজ আদায় শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এদিকে, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার আজ সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত আদায় করেছে।

image

নওগাঁ, পিরোজপুর(মঠবাড়িয়া) ও জামালপুর প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের ৫ শতাধিক পরিবার আজ ঈদ পালন করছে।

image

এছাড়া জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মাস্টার বাড়ি জামে মসজিদসহ মোট চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ১৬টি গ্রামের মুসল্লিরা অংশ নেন।

image

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার দেবীনগর ও বিনোদপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৫০০ পরিবার আজ সকালে ঈদের নামাজ পড়েছে। নামাজ শেষে তারা একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

মূলত স্থানীয়ভাবে চাঁদ দেখার পরিবর্তে সৌদি আরবের ক্যালেন্ডার অনুসরণকারী এসব এলাকায় প্রতি বছরই একদিন আগে ঈদ পালনের রেওয়াজ রয়েছে।

আরটিভি/এআর