শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৯:৪৪ পিএম
ঈদের আনন্দ ছুঁয়ে দেখার আগেই চিরবিদায় নিল বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের পাঁচ বছরের শিশু জুবায়ের। নতুন জামা-জুতো পরে খেলার স্বপ্ন তার আর পূরণ হলো না।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে বাড়ির পাশের একটি লেকে ডুবে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
জুবায়েরের বাবা, কাঠমিস্ত্রি হালিম মল্লিক জানান, ঈদ উপলক্ষে তিনি রায়েন্দা বাজার থেকে ছেলের জন্য নতুন জামা ও জুতো কিনে এনেছিলেন। নতুন পোশাক পেয়ে জুবায়ের ছিল ভীষণ আনন্দিত। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না প্রিয় সেই জামা-জুতো আর তার গায়ে ওঠা হলো না।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের ঠিক একদিন আগে সবার অগোচরে বাড়ির পাশের ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন লেকে পড়ে যায় জুবায়ের। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যে উঠোনে নতুন পোশাক পরে হাসিখুশি ছুটে বেড়ানোর কথা ছিল, সেখানে এখন শুধুই শোকের মাতম। জুবায়েরের অকাল মৃত্যুতে পুরো পূর্ব রাজৈর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আরটিভি/এসকে