images

দেশজুড়ে

মানিকগঞ্জে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ১২:১১ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জেলার প্রধান ঈদের জামাত। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এ জামাতে হাজারো মুসল্লির ঢল নামে, যেখানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঈদের এই প্রধান জামাতে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে আগত মুসল্লিরা অংশ নেন। ভোর থেকেই স্টেডিয়ামমুখী সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে, ফলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নারী মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ছিল আলাদা ও সুশৃঙ্খল ব্যবস্থা। এতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ পুলিশ সুপার এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও জামাতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

সোনারগাঁয় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

ঈদের জামাতে ইমামতি করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা রফিকুল ইসলাম। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ইরান, আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের শান্তি কামনা করা হয়।

ঈদের জামাতকে কেন্দ্র করে স্টেডিয়াম ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যা পুরো এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

আরটিভি/এমএইচজে