শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০৮:০২ পিএম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদের জামাতের টাকা তোলাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে কয়েকজন পুকুরে পড়ে যায়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। বিশেষ করে ঈদের নামাজ উপলক্ষে অর্থ সংগ্রহ এবং ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। শনিবার সকালে ঈদের জামাত আদায় শেষে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরকে ধাওয়া করে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এসকে