রোববার, ২২ মার্চ ২০২৬ , ১০:২৫ এএম
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোকগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত ১২ জনের প্রত্যেকের পরিবারকে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সহায়তার এই সিদ্ধান্ত নিশ্চিত করেন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এই বড় ধরনের বিপর্যয় ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ট্রেনটি বাসটিকে রেললাইনের ওপর দিয়ে অন্তত আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এই ৫ সদস্যের কমিটিতে বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
নিহতদের পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর আহত আরও বেশ কয়েকজন যাত্রী বর্তমানে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পদুয়ার বাজার রেলক্রসিংয়ের মতো ব্যস্ততম পয়েন্টে সিগন্যাল বা গেটম্যানের কোনো গাফিলতি ছিল কি না, তদন্ত কমিটি সেই বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখবে।
আরটিভি/এআর