রোববার, ২২ মার্চ ২০২৬ , ১১:১৮ এএম
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যখন ঘরে ঘরে, ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক শোকাবহ দৃশ্যের অবতারণা হয়েছে। বাবার জানাজায় অংশ নিতে ঈদের দিন কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন সরাইল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন ঠাকুর।
শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার বড়দেওয়ানপাড়া এলাকায় কড়া পুলিশি পাহারায় তিনি তার বাবার শেষ বিদায়ে অংশ নেন। তিনি জাহাঙ্গীর হোসেন ঠাকুরের একমাত্র সন্তান।
একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে জেলহাজতে রয়েছেন জাহেদ হোসেন। পারিবারিক সূত্র জানিয়েছে, তার বাবা জাহাঙ্গীর ঠাকুর (৬৫) শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ঈদের দিনে বাবার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। একমাত্র ছেলে হিসেবে বাবার জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়। মানবিক দিক বিবেচনা করে কর্তৃপক্ষ তাকে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তির অনুমতি দেয়।
সরাইল থানা পুলিশ ও জেল কর্তৃপক্ষ দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট সাড়ে তিন ঘণ্টার জন্য জাহেদ হোসেনকে প্যারোলে মুক্তি দেয়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে পুলিশি পাহারায় সরাসরি বড়দেওয়ানপাড়া এলাকায় নিয়ে আসা হয়। সেখানে তিনি তার বাবার জানাজার নামাজে ইমামতি ও দাফন কাজে শরিক হন। জানাজায় স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা অংশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিকেল ৫টার দিকে দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপরই নিরাপত্তার খাতিরে দায়িত্বরত পুলিশ সদস্যরা জাহেদ হোসেনকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে নিয়ে যান।
আরটিভি/এআর