images

দেশজুড়ে

বান্দরবানে পর্যটকদের নিয়ে খাদে পড়ে গেল বাস, আইসিইউতে ৫

রোববার, ২২ মার্চ ২০২৬ , ১১:৩২ এএম

পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে ঢাকা থেকে বান্দরবানগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি পর্যটকবাহী বাস। 

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই পর্যটক। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে। গভীর রাতে বিকট শব্দে বাসটি খাদে পড়ে গেলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই পর্যটকদের দ্রুত উদ্ধারের জন্য স্থানীয় সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। মসজিদের মাইকিং শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে যোগ দেয়।

আরও পড়ুন
Ly

সাতসকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, দুর্ঘটনার শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাসের ভেতর আটকা পড়া পর্যটকদের চিৎকার শুনে তারা জীবনের ঝুঁকি নিয়ে খাদে নেমে উদ্ধার কাজ শুরু করেন। 

তিনি বলেন, "আমরা বাসের ভেতর থেকে অনেক পর্যটককে আহত অবস্থায় বের করে হাসপাতালে পাঠিয়েছি। অধিকাংশের শরীরে ছোটখাটো আঘাত থাকলেও সুপারভাইজারসহ পাঁচজনকে খুব রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।"

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানিয়েছেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে থাকা ৪৩ জন যাত্রী গতরাতে ঢাকা থেকে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পাহাড়ের ঢালু ও আঁকাবাঁকা রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ২০ জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ৫ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যটন মৌসুম হওয়ায় বান্দরবানমুখী রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। পাহাড়ি রাস্তায় অনভিজ্ঞ চালক বা যান্ত্রিক ত্রুটির কারণে এমন দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরটিভি/এআর