রোববার, ২২ মার্চ ২০২৬ , ০২:৩৩ পিএম
কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও তিন শিশু রয়েছে।
নিহতরা হলেন- যশোর জেলার পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬) ও তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদাহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), যশোর জেলার চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫), নোয়াখালী সোনাইমুড়ি বাবুল চৌধুরী (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (২৫), নোয়াখালী জেলার ফাজিলপুরের মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৪৫), লক্ষ্মীপুর জেলার সদরের সিরাজুল ইসলামের মেয়ে সাঈদা (৯)।
এদিকে এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে দাফন ও জরুরি সহায়তার জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাত ২টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এই ঘটনায় মেহেদী ও হেলাল নামে রেলের দুই গেটম্যানকে বরখাস্ত ও তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরটিভি/এমএইচজে