images

দেশজুড়ে

রাতের আঁধারে কৃষকের সর্বনাশ

রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৪:০০ পিএম

পাবনার সাঁথিয়ায় হাফিজুল ইসলাম (২৮) নামে এক কৃষকের ৫০ শতাংশ (নিষ্কাশন ক্যানেলের ডাইকসহ) জায়গার উপর শবরী কলা বাগানের প্রায় ১ হাজারটি কলা গাছ মাঝ বরাবর কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুস্পপাড়া গ্রামে। 

জানা গেছে, পুস্পপাড়া গ্রামের হাকিম খাঁর ছেলে হাফিজুল ইসলাম জমির পাশে ক্যানালপাড়ে ৫০ শতাংশ জমিতে এক হাজার শবরি কলার গাছ রোপণ করেন। ওই জমিতে তিনি দীর্ঘদিন কলা চাষ করে আসছিলেন। কিন্তু শনিবার রাতে আঁধারে কে বা কারা তার কলাগাছ কেটে ফেলে।

এ বিষয়ে হাফিজুল ইসলাম বলেন, আমি সামান্য দিনমজুর। এই জমিটুকু খাজনা রেখে চাষ করি। আমার তো কোনো শত্রু নেই। কেন আমার সব কলাগাছ কেটে দিলো, কারা কেটে দিলো আমি বলতে পারব না। যারা এমন কাজ করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় আয়েশা খাতুন (২৩) বলেন, মানুষ এত জঘন্য হতে পারে তা আমাদের জানা ছিল না- কলা গাছের সঙ্গে শত্রুতা। কচি, ফলন্ত এমনকি অনেক কলা গাছে কলার কাঁদি এসেছে কচি-জালি কলাসহ বাগানের সব কলাগাছ কেটে দেওয়া জঘন্য অপরাধ। আমরা অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও পড়ুন
Web-Image---Copy

গাজীপুরে গরুর মাংস রান্নার সময় ভেসে উঠল ‘আল্লাহর নাম’

কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা চেষ্টা করব ভুক্তভোগীকে প্রণোদনা বা কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করার।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর মোবাইল টিম ঘটনাস্থলে যায়। ঘটনাটি কে ঘটিয়েছে এমন তথ্য কৃষকসহ কেউ দিতে পারেনি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে