রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৭:৪৭ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়া স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, সৈকতের বালিয়াড়ি যেন কোনোভাবেই পুনরায় দখল না হয়, সে বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে কড়া সতর্ক থাকার নির্দেশ দেন।
রোববার (২২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে তিনি উচ্ছেদ পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার সৈকত দখল করে গড়ে ওঠা বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে সৈকতের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যারা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে পুনর্বাসন করা হবে।
জানা গেছে, সম্প্রতি কক্সবাজার সফরে এসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের কঠোর নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ওই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত হয় সুগন্ধা ও কলাতলী পয়েন্ট। রোববার সেই উচ্ছেদ হওয়া স্থানগুলোই আকস্মিক পরিদর্শনে যান তিনি।
মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। তবে সরকার সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে সম্পূর্ণ স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।
আরটিভি/এমএ