সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৬:৫৩ পিএম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি পুকুর থেকে প্রায় ২৬ কেজি ওজনের দুটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ নূর আলমের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরটিতে দীর্ঘদিন ধরে অন্যান্য মাছের সঙ্গে কোরাল মাছ দুটি বেড়ে উঠছিল। নিয়মিত জাল তোলার সময় হঠাৎ বড় আকারের মাছ দুটি ধরা পড়লে উপস্থিত সবাই বিস্মিত হয়ে পড়েন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শরিফ উদ্দিন শিশির বলেন, পুকুরে এত বড় কোরাল মাছ পাওয়া সত্যিই বিরল। আমরা নিজেরাও দেখে অবাক হয়েছি।
পুকুরের মালিক ইমরান হোসাইন রাফিদ জানান, তারা নিয়মিত মাছ চাষ করলেও পুকুরে এত বড় কোরাল মাছ রয়েছে তা আগে বুঝতে পারেননি। তিনি বলেন, আজ জাল তোলার সময় মাছ দুটি ধরা পড়ে। সামনে ঈদ, বাড়িতে অতিথি আসবে তাদের সঙ্গে এই মাছ রান্না করে খাবো।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে এখন পুকুর ও ঘেরে কোরাল মাছ চাষের প্রবণতা বাড়ছে। অনেকেই কার্পজাতীয় মাছের সঙ্গে কোরাল চাষ করে ভালো লাভ পাচ্ছেন।
স্থানীয়দের মতে, এ ধরনের বড় আকৃতির কোরাল মাছ পুকুরে ধরা পড়া খুবই বিরল ঘটনা, যা এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।
আরটিভি/এসকে