মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০:৫৬ এএম
নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত আরও চার জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০) একই গ্রামের সেকেনের ছেলে মনির হোসেন (২৭) এবং বাবলু হোসেন (৩৫)।
আহতদের মধ্যে রয়েছেন- ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লালপুর থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের দমড়েমুচড়ে যায়। এ সময় ইজিবাইকের একযাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে গুরুতর অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালকসহ আরও দুইজনের মৃত্যু হয়। বর্তমানে আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএ