মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৫:২৩ পিএম
ঈদ আনন্দে বন্ধুদের সঙ্গে হবিগঞ্জের চা বাগানে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণী। এছাড়া তার শরীরে থাকা স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয়।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে এ ঘটনা ঘটে। এ সময় দুই যুবক ওই তরুণীকে বন্ধুর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
ঘটনার পর পুলিশ জসিম মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে এবং তরুণীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক জসিম মিয়া তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ধর্ষণের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গণমাধ্যমকে জানান, ঈদের আনন্দ উপভোগ করতে দুই বন্ধুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরে ঘুরতে এসেছিলেন তরুণী। তারা সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে সুরমা চা বাগানে যান। সেখানে তরুণী এবং তার ছেলে বন্ধু বাগানের কিছুটা ভেতরে ঢুকলে দুই যুবক তাকে ছিনিয়ে নেয়। পরে বাগানের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ শেষে শরীরে থাকা স্বর্ণালংকার লুট করেন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত এক যুবককে আটক করে। একই সঙ্গে উদ্ধার করা হয় লুট হওয়া স্বর্ণালংকার।
ওসি আরও জানান, তরুণী দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে আটক জসিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে তরুণীর চিকিৎসা চলছে।
আরটিভি/এমএইচজে