images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে সালিশি বৈঠকে সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৭:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদরের ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে এক সালিশি বৈঠককে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯ টা থেকে সাড়ে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে দুপুর একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশি বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

আরও পড়ুন
Web-Image---Copy

মাদকের বিরুদ্ধে ভিডিও নির্মাণ, কনটেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

আরটিভি/এমএইচজে