বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১:২৮ এএম
চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশায় পেছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫)। আহতরা হলেন- জেরিন আফরোজ, দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস, ইহসান ও মশিউর রহমান।
জানা গেছে, রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে রনজিত ধর ও বাবুল দেসহ আরও দুই ব্যক্তি দোহাজারীর দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি ইজিবাইক এসে থামলে তারা সেটিতে ওঠার পরপরই পিছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়ির যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে৷ এ বিষয়ে পরবর্তী আইনই ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএইচজে