বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১:৫৫ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসের চাপায় লতা রাণী মন্ডল (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ফতুল্লা রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।
নিহত লতা রাণী মন্ডল ফতুল্লার পিলকুনি এলাকার সুখ রঞ্জন মণ্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৬টায় লতা রাণী রিয়া গোপ ষ্টেডিয়ামের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে আসা শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭৫৩) তাকে চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ও জানালা ভেঙে যায়।
গুরুতর আহত লতা রাণী মন্ডলকে আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস রেখেই চালক ও হেলপার পালিয়ে যান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লতা রাণীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাস জব্দ করা হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এসকে